ক্ষমতা উলামাদের হাতে থাকলে- ইনশাল্লাহ সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে: জমিয়তে উলামায়ে নেতা মুফতি কামরুজ্জামান
মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদপুরে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের অগ্রীম নির্বাচনী প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় ফরিদপুরে প্রথমবারের মতো নির্বাচনী মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা।
ফরিদপুর-৩ আসনের (সদর) দলটির মনোনীত প্রার্থী মুফতি কামরুজ্জামানের উদ্যোগে এই মোটরসাইকেল শোডাউন বের করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় শহরের জামিয়া আরাবিয়া শামসুল উলুম মাদ্রাসা থেকে শতাধিক মোটরসাইকেল, প্রাইভেটকার ও পিকআপ যোগে শোডাউনটি বের হয়। বিকাল ৫ টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে মডেল মসজিদ এলাকায় গিয়ে শেষ করেন।
জানা যায়, মুফতি কামরুজ্জামান সংগঠনটির জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব পদে রয়েছেন। এছাড়া তিনি জামিয়া আরাবিয়া শামসুল উলুম মাদ্রাসার মোহতামিম হিসেবে কর্মরত রয়েছেন।
শোডাউনের পূর্বে মুফতি কামরুজ্জামান সাংবাদিকদের বলেন- ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪ এর আগস্ট পর্যন্ত সকল আন্দোলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভূমিকা অপরিহার্য। সংগঠনটির ফরিদপুর কার্যক্রম কম ছিল, এখন থেকে বেগমান হবে। দল আমাকে মনোনীত করেছেন, আমার সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে থাকার জন্য কাজ করে যাব।
তিনি বলেন- ‘কেন্দ্র যেহেতু আমাকে মনোনয়ন দিয়েছে, আমরা চেষ্টা করে যাচ্ছি জনগণকে একথা বুঝানোর জন্য যে, যখন ক্ষমতা উলামাদের হাতে থাকবে- ইনশাল্লাহ সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। ঘুষ-দুর্নীতি, অসামাজিক কাজ থেকে ছেলে-মেয়েরা বিরত থাকবে। আমরা চেষ্টা করব যেন একটি সুন্দর সমাজ জনগণকে দিতে পারি৷’ এছাড়া ইসলামিকপন্থী দলগুলোর জোটের ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিবেন বলে জানিয়েছেন।
মোটরসাইকেল শোডাউনে শায়খুল হাসিদ আল্লামা হেলালউদ্দিন, ফরিদপুর -১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি জাকির হোসাইন কাশেমী, ফরিদপুর -২ আসনে মনোনীত প্রার্থী মুফতি মামুন আব্দুল্লাহ কাশেমী, সংগঠনটির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন, সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমেদ , মহানগর শাখার সভাপতি মাওলানা মানসুর আহমেদ, সহ জেলা ও সকল উপজেলার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন
Array